প্রশ্ন : আমরা অনেক সময় রমাযান মাসে উমরায় থাকি। ফলে ঈদুল ফিতরের দিন মক্কায় থাকতে হয়। আর আমাদের জানা আছে যে, ঈদুল ফিতরের দিন নিসাব পরিমাণ সম্পদের মালিকদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। প্রশ্ন হল, আমরা যদি (টাকা দিয়ে) সাদাকাতুল ফিতর আদায় করতে চাই তাহলে মক্কাবাসীরা যে পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করেন সে পরিমাণ আদায় করবো নাকি বাংলাদেশীরা যে পরিমাণ আদায় করেন সে পরিমাণ আদায় করবো?
উত্তর : ঈদুল ফিতরের দিন যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাদের উপর নিজেদের পক্ষ থেকে এবং তাদের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের দিন নিসাব পরিমাণ সম্পদের মালিক যে জায়গায় অবস্থান করবে এবং যাদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করবে তারা যেখানে থাকবে সেই জায়গার হিসাবে সে সদাকাতুল ফিতর আদায় করবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা যেহেতু ঈদের দিন মক্কায় থাকবেন তাই আপনাদেরকে মক্কাবাসীরা যে পরিমাণ (অর্থ দ্বারা) সদাকাতুল ফিতর আদায় করেন সে পরিমাণ অর্থ সমতুল্য টাকা দ্বারা সদাকাতুল ফিতর আদায় করতে হবে।
—আল মুহীতুল বুরহানী ২/৪১০, ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৫৩, ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৪, বাদায়িউস সানায়ে’ ২/২০৮, ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/২৪৬, আল বাহরুর রায়িক ২/৪৩৫-৪৩৬, আদ্দুররুল মুখতার ২/৩৫৫, রদ্দুল মুহতার ২/৩৫৫, ফাতাওয়া হাক্কানিয়া ৪/৪৫, ফাতাওয়া রহীমিয়া ৭/১৯৫, কিতাবুল মাসাইল ২/২৮৫।
